বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এ কর্মসূচির ঘোষণা দেন।
রিফাত তার বিবৃতিতে লেখেন, “গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচি পালিত হবে। সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।”
এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে এ হামলার শিকার হন তারা। এনসিপির অভিযোগ, হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
চোখ-মুখ কাপড়ে বাঁধা অবস্থায় হামলাকারীরা ইট-পাটকেল ছুড়ে এবং গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করে। যদিও পুরো এলাকা প্রায় এক ঘণ্টা ধরে উত্তপ্ত ছিল।
নেতাকর্মীরা অভিযোগ করেন, হামলার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ছিল। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।
এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।








