নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে শীর্ষ নেতারা একে একে মঞ্চে আসছেন। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মঞ্চে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান এবং সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। জানান, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন।
এদিকে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই, সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর। সমাবেশকে কেন্দ্র করে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা রাজধানীতে এসেছেন বাস, ট্রেন ও লঞ্চযোগে। পরে মিছিলসহকারে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। অনেকের হাতে ছিল জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা, পরনে ছিল দলীয় মনোগ্রামযুক্ত টি-শার্ট ও পাঞ্জাবি।
সমাবেশ শুরু হওয়ার অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে যায়। এর বাইরেও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সকাল থেকে উদ্যান ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল।








