ব্যুরো চীফ, বরিশাল:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দুর্নীতির কারণে দেশ পাঁচবার বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই একটি রাজনৈতিক দল দেড়শ’র বেশি মানুষকে হত্যা করেছে, নানা কিছু বন্ধ করে দিচ্ছে। তাহলে তারা যদি ক্ষমতায় যায় তবে দেশের কী অবস্থা হবে, তা একমাত্র আল্লাহই জানেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর গীর্জা মহল্লা এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “জনগণ এখন অনেক সচেতন। আগামী দিনে তারা আর দুর্নীতিবাজদের ভোট দেবে না। বারবার যাদেরকে পরীক্ষা করেছেন, তারা প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমাদের এখনো পরীক্ষা করেননি। একবার ইসলামকে পরীক্ষা করুন, আমরা ব্যর্থ হলে দ্বিতীয়বার আর পরীক্ষার প্রয়োজন হবে না।”
তিনি আরও বলেন, “সংখ্যালঘুরা দুটি জিনিস চায়—ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা। কোনো চাঁদাবাজ বা জুলুমবাজকে তারা ভোট দেবে না। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে প্রতিটি মানুষ নিরাপত্তা পাবে। বরিশালের প্রত্যেক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি গাজী মোহাম্মদ রেদোয়ানের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








