,

নির্বাচনের আগে সরকারের কাছে তিন দফা দাবি এনসিপির

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

জুলাই ঘোষণাপত্র ‘পরিপূর্ণ’ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে; আন্দোলনকারী, শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে, বাংলাদেশে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা হবে। তবে ঘোষণাপত্রে আমাদের দীর্ঘদিনের কিছু দাবি অনুপস্থিত রয়ে গেছে।”

তিনি জানান, ঘোষণাপত্রে ১৯৪৭-এর আন্দোলনের উল্লেখ নেই, শহীদের সংখ্যার ক্ষেত্রে ‘প্রায় এক হাজার’ শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের প্রতিবেদনে সংখ্যা ১ হাজার ৪০০ জন বলা হয়েছে। গত এক বছরে সরকার শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের প্রসঙ্গ অনুপস্থিত থাকার কারণে ঘোষণাপত্রটি পূর্ণতা পায়নি।

নতুন সংবিধানের দাবি তুলে আখতার হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়ে আসছি। কিন্তু ঘোষণাপত্রের ২৫ ও ২৭ নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধানে এই ঘোষণাপত্র অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, যা আমাদের নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে যায়।”

তিনি আরও বলেন, “জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারগুলোতে ঐকমত্য হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বাস্তবায়ন করতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

নির্বাচনের আগে সরকারের অবশ্য পালনীয় তিনটি কর্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন—
১. সংস্কার ও বিচার কার্যকর ও দৃশ্যমান করা
২. প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা
৩. নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

তিনি জোর দিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ