পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গত জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্য আসন্ন নির্বাচনে বিজয় এনে দেবে এবং দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দও অংশ নেন।








