শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

পথে প্রান্তরে ডেস্ক 

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে যারা আন্দোলন করছে, তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।”

তিনি আরও বলেন, “পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর পদ্ধতি আছে, সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।”

বিএনপির এ নেতা বলেন, “পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে কোনো আমির সাহেব বা মজলিসে শূরা। এতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান—জনগণকে বিভ্রান্ত করবেন না।”

তিনি অভিযোগ করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যারা পিআর ইস্যু নিয়ে আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্বিত করা বা বানচালের চেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।

তবে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি রাজনৈতিক চর্চার অংশ। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। একইভাবে বিএনপিও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ