বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগে দলটি স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছে।
রবিবার (২০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আলোচনায় থাকছে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রতিবেদন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আগের বৈঠকে যেখান থেকে আলোচনা থেমে ছিল, সেখান থেকেই আজ আলোচনা শুরু হয়েছে। বিকেলের মধ্যে সব কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত আছেন সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য সদস্যরা।








