বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকার ট্রাম্প, চীনের শি জিনপিং বা ভারতের মোদি এসে আমাদের জন্য কিছু করে দেবে না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।”
শনিবার ঢাকায় আয়োজিত ‘রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসনব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বহুত্ববাদী ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। তেমনি বর্তমান সংকট উত্তরণেও ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। “২০২৪ সালে যখন ছাত্রদের ওপর গুলি চালানো হয়, তখন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। গণঅভ্যুত্থানের মতো আবারও এক হয়ে কাজ করতে হবে,”—বলেছেন ফখরুল।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটিতে। সেই সময় খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, এখন তা নেই বললেই চলে। কৃষক ও কৃষি বিজ্ঞানীদের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের জন্য ঝুঁকির কারণ হতে পারে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে। দেশের অর্থনীতিতে কৃষক ও নিম্ন আয়ের নারীকর্মীদের অবদান অনস্বীকার্য—এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
আলোচনায় তিনি ড. ইউনূসের নেতৃত্বে চলমান সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “তিনি দায়িত্ব পেয়েছেন, চেষ্টা করছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি সফল হবেন।”
শেষে ফখরুল বলেন, “চলুন আমরা নিজেদের দিকেই তাকাই, নিজেদের সাহায্য করি—এভাবেই দেশ এগিয়ে যাবে।”








