বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভয়ের সংস্কৃতি চাপিয়ে দিতে চাইলে জনগণ রাজপথে প্রতিরোধ গড়বে: নাহিদ ইসলাম

বান্দরবান প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ মতপ্রকাশের স্বাধীনতা ও স্বৈরতন্ত্রবিরোধী অবস্থান স্পষ্ট করেছে। অথচ এখন আবার নতুনভাবে ভয়ের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি এ ধরনের অপচেষ্টা চালায়, তাহলে জনগণ আবারও রাজপথে নামবে।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার ভিত্তিতে যে নিপীড়ন, নির্যাতন ও বিভাজন চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘরে ঘরে ইনসাফের আলো পৌঁছে দিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চায় এনসিপি।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্রব্যবস্থার সূচনা। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়তে চেয়েছি, যা জনগণের প্রকৃত কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বিদ্যমান সংবিধান ও আইনি কাঠামো জনগণের পক্ষে গড়ে ওঠেনি বরং তা জাতিগত বিভাজন তৈরি করেছে এবং মানবাধিকার সুরক্ষায় ব্যর্থ হয়েছে। সেই অবস্থা পাল্টে দিয়ে নতুন একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ের ভিত্তিতে গড়া রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকার বদলালেও শাসনব্যবস্থার কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে। মুখ পাল্টেছে, কিন্তু সিস্টেম একই থেকে গেছে। ১৯৭২ সালের সংবিধান সব জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি। ফলে শুরু থেকেই ওই সংবিধান বিভাজনমূলক ছিল বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, বাঙালি বনাম পাহাড়ি, ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা ইত্যাদি নামে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসব বিভেদ দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের পথ তৈরি হয়েছে। আমাদের এই ঐক্যের কেন্দ্রবিন্দু ছিল—বাংলাদেশ নিজেই।

এ সময় আরও বক্তব্য রাখেন—দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি এবং স্থানীয় জেলা সমন্বয় কমিটির প্রধান মো. শহীদুর রহমান সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ