শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নূর, মাথা ও নাকে গুরুতর আঘাত

অনলাইন ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই বোর্ডটি গঠন করা হয় বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি জানান, নূরের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এর ফলে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ এবং তিনি জ্ঞান ফিরেছেন। তবে ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আজ সকালে মেডিকেল বোর্ড তার চিকিৎসা নিয়ে বৈঠক করবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নূরসহ বেশ কয়েকজন আহত হন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাপার নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে জাপার পক্ষ থেকে দাবি করা হয়, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে নূরসহ শতাধিক নেতা-কর্মী আহত হন এবং ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী মব ভায়োলেন্স ও ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা হয়।
জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ