অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি ও জামায়াতসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়।
ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর শীর্ষ নেতারা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, তাদের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
যদিও তিন দফা দাবি থাকলেও বক্তাদের অধিকাংশ বক্তব্যে মূলত জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিই বেশি গুরুত্ব পেয়েছে।
বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বিকেল ৪টায় জামায়াতের নেতৃত্বেও একটি মিছিল সমাবেশে যোগ দেয়।
গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।








