শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ আগস্ট ঘোষণা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’: নাহিদ ইসলাম

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

নতুন সংবিধান প্রণয়ন ও বিচার সংস্কারের দাবিতে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি। সমাবেশটির আয়োজন করে এনসিপির নরসিংদী শাখা।

নাহিদ ইসলাম বলেন, “২৪ সালের ১ জুলাই কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। বছরের পর বছর ষড়যন্ত্র হয়েছে, আমাদের দাবিকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা পিছু হটিনি। আমরা কিছুই ভুলিনি, কোনো দাবি থেকেও সরে আসিনি।”

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কার, রাষ্ট্রপতি অপসারণসহ আমাদের যে ইশতেহার—তা জনগণের চাপে আটকে রাখা হয়েছে। আমরা শহীদ মিনার থেকে সেই ইশতেহার ঘোষণা করব। আমরা বিশ্বাস করি, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ ঢাকায় উপস্থিত হয়ে এ আন্দোলনকে সফল করবে।”

এ সময় এনসিপি আহ্বায়ক জানান, “নরসিংদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। এখানকার ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আমরা বিতাড়িত করব। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশে অংশ নিতে এর আগে বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদী জেলখানা মোড় থেকে একটি পদযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান ও খোঁজখবর নেন নেতারা।

মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন—মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, দেলোয়ার আকন্দ সৌরভ, সাইফুল ইসলাম, ইমতিয়াজ জাহান বেলাল, রোবাট হোসেন, আব্দুল্লাহ আল ফয়সাল ও উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ