পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ ও ঝামেলাহীন করতে নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন থেকে গ্রাহকেরা মোবাইল ব্যালেন্স ব্যবহার করে দেশি মুদ্রা (টাকা) দিয়েই রোমিং প্যাক কিনতে পারবেন। এজন্য আর আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডে ডলার এন্ডোর্স করার প্রয়োজন হবে না।
বাংলালিংকের এ নতুন রোমিং সুবিধা একযোগে ৫০টিরও বেশি দেশে উপভোগ করা যাবে। ভ্রমণের সময় গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী পছন্দসই প্যাকেজ বেছে নিয়ে সহজেই ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে রোমিং প্যাক সক্রিয় করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “ভ্রমণের সময় কানেক্টেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবার পক্ষে আন্তর্জাতিক পেমেন্ট সেবা ব্যবহার করা সম্ভব হয় না। তাই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আমরা এ সেবা চালু করেছি।”
প্রতি বছর লাখো বাংলাদেশি কর্মসংস্থান, উচ্চশিক্ষা, হজ-ওমরাহ বা পরিবারের সাথে দেখা করতে বিদেশ যান। এখন থেকে তাদের আর বিদেশি সিম কিনতে হবে না; বাংলালিংকের রোমিং প্যাক দিয়েই নিরবচ্ছিন্ন ভয়েস কল ও ডেটা সেবা উপভোগ করতে পারবেন।
গ্রাহকেরা মাইবিএল অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (০১৯৫০১১১১১১) অথবা roaming@banglalink.net-এ ইমেইলের মাধ্যমে সহজেই এ সেবা সক্রিয় করতে পারবেন।
বাংলালিংক আশা করছে, নতুন এ উদ্যোগ বিদেশগামী গ্রাহকদের জন্য বাড়তি স্বস্তি ও স্বাচ্ছন্দ্য এনে দেবে এবং তাদের প্রিয়জন ও পেশাগত যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে।








