রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না: শাবনূর

বিনোদন ডেস্ক 

কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত তার মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সেই আলোচনায় এবার মুখ খুললেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

সোমবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর বলেন, ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা! ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি।’

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ হত্যা মামলায় তার নাম জড়াচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

স্মৃতিচারণ করে শাবনূর আরও লেখেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’

তিনি উল্লেখ করেন, সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ‘আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এতে আমি মানসিকভাবে ভীষণভাবে আঘাত পেয়েছিলাম,’— বলেন শাবনূর।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়—এটাই আমার একান্ত দাবি।’

সালমানের মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়ে শাবনূর আরও বলেন, ‘সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের, তা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রসঙ্গত, মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনীত বেশিরভাগ সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটি নব্বইয়ের দশকে ঢালিউডে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

বর্তমানে শাবনূর পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। গেল বছর সিনেমায় ফেরার ঘোষণা দিলেও পরবর্তীতে শুটিং না করেই ফের দেশে ফিরে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ