,

ইরানে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন নিহত, আহত ৮০০ জন

ইরানে ভয়াবহ বিস্ফোরণে ২৫ জন নিহত, আহত ৮০০ জন

ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, বিস্ফোরণের পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেক গাড়ি পুড়ে গেছে।

তাসনিম নিউজ এজেন্সির সূত্রে জানা গেছে, আহতদের শিরাজসহ বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহিদ রাজি বন্দরে এখনও ঘন ধোঁয়া উড়ছে এবং বিস্ফোরণের পর অনেকেই ধারণা করেছিলেন এটি নাশকতার ঘটনা হতে পারে। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

জাফারি আরও জানিয়েছেন, বিস্ফোরণটি কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে ঘটেছে এবং আগুনের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তিনি জানান, বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে।

তবে, ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ছোট একটি আগুন থেকে বিস্ফোরণ শুরু হয়, যা দ্রুত অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং দাহ্য পদার্থের কারণে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কনটেইনারগুলোতে কী ধরনের পদার্থ ছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সেখানে সালফার জাতীয় পদার্থের গন্ধ পাওয়া যাচ্ছে।

শহিদ রাজি বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর, যা বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তর দিকে অবস্থিত। এখানে পৃথিবীর মোট উত্পাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ