নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রার প্রস্তুতিতে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে—এমন হুমকির ফোন পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি থামিয়ে নিরাপত্তা তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে জানানো হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে, উড্ডয়ন করলেই বিস্ফোরণ ঘটবে।” তবে ফোন কলে নির্দিষ্ট কোনো ফ্লাইট নম্বর উল্লেখ করা হয়নি। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিজি ৩৭৩ নম্বর কাঠমান্ডুগামী ফ্লাইটটি রানওয়ে থেকে থামিয়ে দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময়ই হুমকির খবর পৌঁছায় কর্তৃপক্ষের কাছে।
অন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সঙ্গে সঙ্গে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে তল্লাশি শুরু করে। ফ্লাইটটি তখন রানওয়ের পাশে পার্কিং অবস্থায় ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট ইউনিট একযোগে কাজ শুরু করেছে। যদিও হুমকির কারণে যাত্রীদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কেউ হতাহত হননি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সব ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ চলছে।
হুমকিটি সত্য নাকি ভুয়া, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিজি ৩৭৩ ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। এর আগেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এমন হুমকির মুখে পড়েছিল বলে জানিয়েছে সূত্র।








