বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার আলোচিত আসন ঢাকা-১৫ এ মুখোমুখি হতে যাচ্ছেন দুই রাজনৈতিক শিবিরের হেভিওয়েট প্রার্থী। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, আর দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা-১৫ আসনে মিল্টনের নাম ঘোষণা করেন। একই অনুষ্ঠানে তিনি ২৩৭টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন,

“প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, তা বিএনপি সমন্বয় করে নেবে।”

এর আগে, গত অক্টোবরে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে। সেই তালিকায় ঢাকা-১৫ আসনে দলটির আমির ডা. শফিকুর রহমানের নাম ঘোষিত হয়।

মাঠ পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি ও জামায়াতের ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরা একই ভোটব্যাংক ভাগাভাগি করে নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে অভ্যন্তরীণ প্রভাব ও সাংগঠনিক সক্ষমতার ওপর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনের ফলাফল শুধু বিএনপি বা জামায়াত নয়, বরং বিরোধী রাজনৈতিক জোটের অভ্যন্তরীণ অবস্থানকেও স্পষ্ট করে তুলবে।

ঢাকা-১৫ আসন বর্তমানে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াত উভয় দলের সক্রিয় সাংগঠনিক উপস্থিতি রয়েছে। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ইতোমধ্যেই দুই দলের কর্মী-সমর্থকরা মাঠে নেমে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ