শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জোটের যেসব প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

অনলাইন ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে নিজস্ব প্রার্থী দেয়নি, তার বেশিরভাগই সহযোগী দল ও জোটভুক্ত সংগঠনগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলটির একাধিক সূত্র জানায়, এই আসনগুলোর মধ্যে অন্তত ১২ জন নেতাকে আনুষ্ঠানিকভাবে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, গ্রিন সিগন্যাল পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—
পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,
লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম,
এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়া আরও রয়েছেন—
ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ,
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,
চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক,
কুমিল্লা-৭ আসনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,
নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,
এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিএনপির একাধিক জোট-সম্পর্কিত সূত্র জানায়, এই আসনগুলোতে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে জোটভুক্ত নেতারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। বাকি ৬৩টি আসন ‘জোটগত সমন্বয়ের অংশ হিসেবেই’ খালি রাখা হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ