আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ফের গোলাবর্ষণ করেছে ইসরায়েল। শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় হামলা চালিয়ে ঘরবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি যানবাহন ধ্বংস করে।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার দুপুরে নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনা ঘটে। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লেবাননে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। মূল লক্ষ্য ছিল লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী অভিযানে হিজবুল্লাহর বেশিরভাগ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এতে গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ প্রথম সারির একাধিক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হন।
এই অভিযানের পর থেকেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী। কারণ, সেখানেই হিজবুল্লাহর অধিকাংশ সামরিক অবকাঠামো অবস্থিত বলে ধারণা করা হয়।
এই হামলায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার অভিযোগ উঠলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।








