অনলাইন ডেস্ক:
সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনের হতাহতদের পুনর্বাসনই হবে আমাদের প্রথম কাজ—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ স্মরণসভায়’ একথা বলেন তিনি। এই আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শহীদ পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এখানে যারা উপস্থিত হয়েছেন, তাঁদের অনেকেই বলছেন—আমার একমাত্র সন্তানটি ছিল, অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ চালাতাম, স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে, পরিবারের মুখ বদলে যাবে। কিন্তু আজ সেই সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আজ হাসিনার ফ্যাসিবাদ গোটা জাতির স্বপ্নকে ধ্বংস করেছে। আমার এই মা-বোনদের স্বপ্নও সে একইভাবে ভেঙে দিয়েছে।”
তিনি বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানাতে চাই—যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারেন, তাহলে জনগণের রায়ে প্রতিষ্ঠিত সেই সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত এই পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা।”
শুধু কথায় নয়, উদ্যোগে রূপ দিতে হবে—এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য আছেন, ছাত্ররা আছেন, আমরাও আছি—আসুন, সবাই মিলে একটি ফান্ড গঠন করি। সেই ফান্ডের মাধ্যমে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো সম্ভব হবে। তাহলেই আমরা প্রকৃত অর্থে একটি দায়িত্ব পালন করতে পারব।”








