শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইংলিশ ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান

খেলা ডেস্ক:

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন। এর মাধ্যমে হামজা চৌধুরী ও কিউবা মিচেলদের পথ অনুসরণ করে ইংলিশ ফুটবলে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

ফারহানের ফুটবলে হাতেখড়ি চেলসির একাডেমিতে। সেখান থেকে অনূর্ধ্ব-১৩ পর্যায়ে ফুলহ্যামে যোগ দেন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে ক্লাবটির একাডেমিতে নিজের দক্ষতা ও সামর্থ্য প্রমাণ করেছেন। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন ২০ ম্যাচ, করেছেন ৭টি গোল ও ৪টি অ্যাসিস্ট।

এছাড়া, গত মৌসুমেই অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক হয় তার। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে আলোচনায় আসেন ফারহান।

ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তিতে উচ্ছ্বসিত ফারহান বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন এই জায়গায় পৌঁছে নিজেকে গর্বিত মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “অনূর্ধ্ব-১৩ পর্যায়ে ফুলহামে যোগ দিয়েছিলাম। এরপর এই যাত্রাটা ছিল একেবারে রোলারকোস্টারের মতো। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ক্লাবের প্রতিটি স্তরে দারুণ এক দল সতীর্থ পাশে পেয়েছি। আমার পরিবার সবসময় আমার পাশে ছিল। তাদের ত্যাগ, সহযোগিতা এবং পরামর্শ আমাকে সবসময় পা মাটিতে রাখার শিক্ষা দিয়েছে।”

ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। তবে হামজা চৌধুরী ও কিউবা মিচেলের মতো তিনি ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলে খেলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে এই প্রতিশ্রুতিশীল তরুণের পেশাদার চুক্তি নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অবস্থানকে আরও সুদৃঢ় করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ