আফসার রেজা, ক্রীড়া প্রতিবেদক:
ঢাকার কিংস অ্যারেনায় এক রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল স্বাগতিক দল।
প্রথম ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর মাত্র ১০ মিনিটেই দুই গোল হজম করে সমতায় ফিরে নেপাল। তখনই শঙ্কা জাগে—নিশ্চিত জয় বুঝি ড্রতে রূপ নেবে। তবে যোগ হওয়া অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর চোখ ধাঁধানো গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের তিনটি গোল করেছেন—সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা এবং তৃষ্ণা রানী। অন্যদিকে, নেপালের পক্ষে গোল করেন আনিশা রায় ও মীনা দিউবা।
আক্রমণাত্মক শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। কোচ পিটার বাটলার এ ম্যাচে দলে দুইটি পরিবর্তন আনেন—উমহেলা মারমা ও রুপা আক্তারের জায়গায় একাদশে জায়গা পান বর্ণা খাতুন ও শান্তি মার্ডি।
মাত্র ১৩ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার জোরালো দৌড়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন মুনকির কাছে। গোললাইন থেকে ক্লিয়ার করলেও ফিরতি বলে জাল খুঁজে নেন সিনহা জাহান শিখা। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল।
এরপর আক্রমণে ঘুরে দাঁড়ায় নেপাল। ২৭ মিনিটে আনিশা রায়ের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই গোলরক্ষক স্বর্ণা রানী দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলের নায়িকা সাগরিকা, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। প্রথমার্ধে ৪৩ মিনিটে একটি সুবর্ণ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় নেপাল।
দ্বিতীয়ার্ধে উত্তেজনা ও লাল কার্ড
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে ম্যাচের ৫৬ মিনিটে উত্তেজনার পারদ চরমে ওঠে। সাগরিকা ও নেপালের সিমরান হাতাহাতিতে জড়িয়ে পড়লে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। এতে দুই দলই ১০ জন করে খেলতে থাকে।
৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায় এবং গোল করতে ভুল করেননি আনিশা রায়। এরপর ৮৬ মিনিটে মীনা দিউবার গোলে সমতায় ফেরে নেপাল। তখন মনে হচ্ছিল, হয়তো পয়েন্ট ভাগাভাগিই হতে যাচ্ছে। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ প্রান্তে, ডান প্রান্ত দিয়ে ওঠা আক্রমণ থেকে তৃষ্ণা রানীর দারুণ ফিনিশিংয়ে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
শিরোপার পথে লাল-সবুজ
এই জয়ের মাধ্যমে দুই ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। রাউন্ড-রবিন ভিত্তিক চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। মোট ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।
শক্তির বিচারে বাংলাদেশই ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে। গত বছর অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্টে ভারতকে সঙ্গে নিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল। এবার ঘরের মাঠে একক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে মেয়েরা। আত্মবিশ্বাস ও দলগত প্রচেষ্টা মিলিয়ে তারা যেন তৈরি ইতিহাস গড়তে।








