
নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
মিয়ানমারের ইয়াঙ্গুনে যেন ঝড় তুলল বাংলার মেয়েরা। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে ৭-০ ব্যবধানে চমক দেখাল বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৯ জুন) এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে থুউন্না স্টেডিয়ামে ছিল এই রোমাঞ্চকর লড়াই।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলায় মাঠ দখলে রাখে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের শিষ্যরা। ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা রায় দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটে পোহাতি কিসকু গোল করে স্কোরলাইন ৩-০ করেন। অতিরিক্ত সময়ে তহুরা খাতুনের জোড়া গোলে বিরতির আগেই ৫-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও দমে যায়নি বাংলাদেশ। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোলটি করেন। আর ৭৫ মিনিটে মুনকি বর্মণের গোলে ৭-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারীরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ১২৮তম স্থানে, যেখানে বাহরাইন অবস্থান করছে ৯২তম স্থানে। এত বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।







