ক্রীড়া প্রতিবেদক:
ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ কার্লো আনচেলত্তিকে কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। তবে স্প্যানিশ আইনে দুই বছরের কম কারাদণ্ড এবং পূর্ব কোনো অপরাধের রেকর্ড না থাকলে সাধারণত দণ্ডিত ব্যক্তিকে জেলে যেতে হয় না। ফলে ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচের জেল খাটার সম্ভাবনা নেই।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রথম মেয়াদে কোচ থাকার সময় আনচেলত্তি প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) আয় গোপন করে কর ফাঁকি দিয়েছেন। আদালতের রায়ে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আনচেলত্তি দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেননি। আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতারা দেখাশোনা করতেন এবং ক্লাবের পক্ষ থেকে তার বেতন ‘নেট’ আকারে নির্ধারিত থাকায় কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি। তিনি আরও জানান, ২০২১ সালের ডিসেম্বরে তিনি পুরো কর পরিশোধ করে দেন।
এর আগেও স্পেনে খ্যাতনামা ফুটবল তারকারা কর সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েছেন। বার্সেলোনায় খেলার সময় লিওনেল মেসি কর ফাঁকির দায়ে ২১ মাসের কারাদণ্ড পেলেও পরে তা জরিমানায় রূপান্তর করা হয়। একইভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করেন।
রিয়ালের হয়ে দুটি মেয়াদে কোচের দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা উপহার দেন। সর্বশেষ ২০২3-24 মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।
আদালতের রায়ের পরও ফুটবল মহলে আনচেলত্তির খ্যাতি ও মর্যাদায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই বিশ্লেষকদের ধারণা।








