খেলা ডেস্ক
পাঞ্জাব কিংসের সঙ্গে শেষ সময়টা ভালো কাটেনি ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইলের। এবার সেই ক্ষোভ উগরে দিলেন ‘ইউনিভার্স বস’। তার অভিযোগ, আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি তাকে অসম্মান করেছে, যা তাকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে দিয়েছিল।
টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডবুকের বড় অংশ দখল করে আছেন গেইল। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস—সবই তার দখলে। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেও তার অবদান অনন্য। আইপিএলে ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে ১৪২ ম্যাচে রান করেছেন ৪ হাজার ৯৬৫।
তবে ২০২১ সালে পাঞ্জাবের হয়ে তার শেষ আইপিএল মৌসুমে ব্যাট হাসেনি। মাঝপথেই আসর ছেড়ে দেশে ফিরে যান তিনি। সেই সময়ে কারণ হিসেবে জৈব সুরক্ষা বলয়ে ক্লান্তির কথা বললেও এখন জানালেন, সেটিই মূল কারণ ছিল না।
গেইলের ভাষায়,
“পাঞ্জাবের সঙ্গে আমার আইপিএল ক্যারিয়ার আসলে আগেই শেষ হয়ে গিয়েছিল। আমাকে অসম্মান করা হয়েছিল। আমি এতদিন লিগের জন্য যা করেছি, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজির মান বাড়িয়েছি, অথচ তারা আমাকে শিশুর মতো দেখেছে। জীবনে প্রথমবার মনে হয়েছিল, আমি হতাশায় ডুবে যাচ্ছি।”
তিনি আরও বলেন,
“মানুষের মানসিক স্বাস্থ্য অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমি তখন কোচ অনিল কুম্বলের সঙ্গে ফোনে কথা বলেছিলাম এবং বলেছিলাম, আমি চলে যাচ্ছি। বিশ্বকাপ সামনে ছিল, আর জৈব সুরক্ষা বলয়ে থেকে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। মুম্বাইয়ের বিপক্ষে শেষ ম্যাচ শেষে ভেবেছিলাম, আর থাকার মানে নেই। থাকলে নিজের আরও ক্ষতি করব।”
২০২১ সালের আইপিএল কোভিডের কারণে মাঝপথে বন্ধ হয়ে পরে সংযুক্ত আরব আমিরাতে আবার শুরু হয়। সেখানেই আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেন তার শেষ ম্যাচ। সেই মৌসুমে ১০ ম্যাচে করেন মাত্র ১৯৩ রান, কোনো ফিফটি ছিল না। ব্যর্থতার চেয়েও বড় কষ্ট ছিল মানসিক বিপর্যয়, যা আবারও মনে করালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান।








