শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

না খেলেও যেভাবে সেরা হলেন নরকিয়া

পথে প্রান্তরে খেলা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন এনরিখ নরকিয়া। বিস্ময়ের ব্যাপার হলো, দেশের হয়ে এক বছরেরও বেশি সময় ধরে কোনো ম্যাচ খেলেননি এই ডানহাতি পেসার। তবুও বছর শেষে তাকেই নির্বাচিত করা হয়েছে বছরের সেরা হিসেবে।

নরকিয়া সবশেষ খেলেছিলেন গত বছরের জুনে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যায় মাত্র ৭ রানে। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত—৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে আলো ছড়ান। পুরো টুর্নামেন্টজুড়েই ছিল তার দারুণ পারফরম্যান্স।

বিশ্বকাপে ১৫ উইকেট শিকার করে তিনি হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী, ভারতের জাসপ্রিত বুমরার সঙ্গে যৌথভাবে। ওভারপ্রতি রান খরচ করেন মাত্র ৫.৭৪ গড়ে। কেবল এই বিশ্বকাপের পারফরম্যান্সই ছিল তার বর্ষসেরা নির্বাচিত হওয়ার প্রধান কারণ।

কিন্তু বিশ্বকাপের পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন ৩১ বছর বয়সী এই পেসার। প্রথমে আঙুল ভেঙে যাওয়ায় গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি। পরে পিঠের চোটে ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফি থেকে। এরপর স্ট্রেস রিঅ্যাকশনের কারণে বাদ পড়েন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকেও।

এর আগে, পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন নরকিয়া। ফলে খেলতে পারেননি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে। একের পর এক ইনজুরি ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ালেও, বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের পুরস্কার হিসেবেই বর্ষসেরা হয়েছেন এই দুর্ভাগা কিন্তু প্রতিভাবান পেসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ