খেলা ডেস্ক
ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় স্থগিত হয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর। আগামী ১৭ নভেম্বর কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত প্রীতি ম্যাচটি আপাতত হচ্ছে না। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষিত মুহূর্ত—মেসিকে ভারতের মাটিতে খেলার সুযোগ—আরও কিছুটা পিছিয়ে গেল।
ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফিফার অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় নভেম্বর উইন্ডোতে নির্ধারিত ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। কেরালায় অনুষ্ঠেয় ম্যাচটি পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে।”
তিনি আরও জানান, “এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।”
এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য স্পেন সফরে যাবে। এরপর তারা ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে দলটি দক্ষিণ আমেরিকায় ফিরে যাবে এবং ১৮ নভেম্বর পর্যন্ত সেখানে অনুশীলন চালিয়ে যাবে।
ফলে ভারতীয় দর্শকরা আগামী মাসে মাঠে মেসির জাদু দেখতে না পারলেও, আশা রাখতে পারেন পরবর্তী ফিফা উইন্ডোর দিকে। তবে স্বস্তির খবর হলো—লিওনেল মেসি তার ব্যক্তিগত সময়সূচি অনুযায়ী ভারত সফর করবেন বলে জানা গেছে।








