বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ব্রাজিল

খেলা ডেস্ক

গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অংশ নিচ্ছে ২৪টি দেশ। লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। যেখানে আর্জেন্টিনা শতভাগ সাফল্য পেলেও হোঁচট খেয়েছে ব্রাজিলের যুবারা।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে আফ্রিকান প্রতিনিধিদের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জুনিয়ররা। এ হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি।

সি গ্রুপে খেলছে ব্রাজিল। তাদের গ্রুপে আছে মেক্সিকো, মরক্কো ও স্পেন। প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে এখন পর্যন্ত দুই ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ চমক দেখায় মরক্কো। ৬০ মিনিটে ওসমানে মাম্মার গোলে এগিয়ে যায় তারা। ৭৬ মিনিটে ইয়াসির জাবিরি ব্যবধান দ্বিগুণ করলে আরও চাপে পড়ে ব্রাজিল। যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ইয়াগো দা সিলভা পেনাল্টি থেকে গোল করলেও তা কেবল ব্যবধানই কমায়, হার এড়াতে পারেনি ব্রাজিল।

এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো এবং ইতোমধ্যেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

২৪ দলের এ টুর্নামেন্ট থেকে শেষ ষোলোতে উঠবে মোট ১৬ দল। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল (১২) এবং তৃতীয় স্থান পাওয়া সেরা চার দল (৪) খেলবে দ্বিতীয় পর্বে। তাই বিদায় এড়াতে হলে আগামী রোববার স্পেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই ব্রাজিলের সামনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ