শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাটমানের গাড়ি কিনলেন নেইমার

আফসার রেজা, ক্রীড়া প্রতিবেদক:

নেইমার মানেই চমক—হোক সেটা ফুটবল মাঠে কিংবা মাঠের বাইরে। এবার ভক্তদের চমকে দিয়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার কিনেছেন বিখ্যাত ব্যাটমোবাইল! স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, নেইমার সম্প্রতি কিনেছেন ‘ব্যাটম্যান’ সিনেমার অনুপ্রেরণায় নির্মিত ‘ব্যাটমোবাইল টাম্বলার’, যার ডিজাইন নেওয়া হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে।

বিশ্বজুড়ে এমন গাড়ি আছে মাত্র ১০টি। প্রতিটির বাজারমূল্য প্রায় ৩০ লাখ ডলার হলেও নেইমার গাড়িটি কিনেছেন ১৫ লাখ ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি। ব্যাটম্যান চরিত্রের ৮৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল এই লিমিটেড এডিশন গাড়িগুলো।

৪.৬৫ মিটার লম্বা এবং ২.৮ মিটার চওড়া এই টাম্বলার গাড়ির ফ্রেম স্টিলের, বাইরের কাঠামো কার্বন ফাইবার ও কেভলার দিয়ে মোড়ানো। এতে রয়েছে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন, যার শক্তি ৫২৫ হর্সপাওয়ার। বিশেষ আকর্ষণ হিসেবে আছে ‘ধোঁয়া বোমা’ ছোড়ার ফিচার, রেপ্লিকা জেট ইঞ্জিন, একটি অকার্যকর মেশিনগান, স্পয়লার এবং ব্যাটম্যান ও রবিনের ককপিট অনুকরণে দুই আসনের বসার জায়গা।

তবে এত আকর্ষণীয় ফিচারের গাড়ি হলেও নেইমার এটিকে রাস্তায় চালাতে পারবেন না। ইউরোপ ও ব্রাজিল—দু’জায়গাতেই এই গাড়ি চালানো আইনত নিষিদ্ধ। তাই ব্যাটমোবাইলটি থাকবে শুধু তার বিলাসবহুল গ্যারেজেই, যেখানে আগেই রয়েছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি পুরোসাঁগে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং ল্যাম্বরগিনি হুরাকান-এর মতো সুপারকার।

ব্যাটম্যানের প্রতি নেইমারের ভালোবাসা নতুন কিছু নয়। তাঁর পিঠে ব্যাটম্যানের লোগোর ট্যাটু রয়েছে। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারেও অংশ নিয়েছিলেন। এবার সেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটল ব্যাটমোবাইল কেনার মাধ্যমে।

নেইমারের সম্পদের পরিমাণও কম নয়। Celebrity Net Worth-এর তথ্যানুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি ডলার। পিএসজিতে খেলার সময় বছরে আয় করতেন ৭ কোটি ৮০ লাখ ডলার বেতন, সঙ্গে বিজ্ঞাপন ও বোনাস মিলিয়ে আরও কয়েক কোটি ডলার। আল হিলালের সঙ্গে চুক্তি করে বছরে ১৬ কোটি ৩৭ লাখ ডলার আয় করার কথা থাকলেও, ক্লাব ছাড়ার সময় পেয়েছেন ১১ কোটি ৫০ লাখ ডলারের বেশি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের (পিউমা, রেড বুল, প্যানাসনিক, বিটস) সঙ্গে চুক্তি থেকেও আসে আরও ৩-৪ কোটি ডলার।

বিলাসবহুল জীবনযাপনেও তিনি পিছিয়ে নেই। দুবাইয়ে রয়েছে ৫ কোটি ডলারের পেন্টহাউস, মায়ামিতে বিশাল সম্পত্তি, এমনকি ব্রাজিলেই রয়েছে তাঁর ব্যক্তিগত দ্বীপ!

গায়ে ব্যাটম্যানের ট্যাটু, গ্যারেজে ব্যাটমোবাইল, অ্যাকাউন্টে কোটি কোটি ডলার—সব মিলিয়ে নেইমার যেন হয়ে উঠেছেন বাস্তব জীবনের ব্যাটম্যান!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ