সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলের নেইমারকে আর্জেন্টিনা দলে চান ডি মারিয়া

আফসার রেজা, পথে প্রান্তরেঃ 

আর্জেন্টাইন ফুটবলে যখনই বলা হয় ‘ক্লাসিকো’, বেশির ভাগ মানুষ বোঝেন বোকা জুনিয়র্স–রিভার প্লেট দ্বৈরথকে। অথচ এর চেয়েও পুরোনো এক প্রতিদ্বন্দ্বিতা আছে রোজারিও সেন্ট্রাল আর নিওয়েল’স ওল্ড বয়েজের মধ্যে। ১২০ বছরের পুরোনো এই দ্বৈরথকে বলা হয় আর্জেন্টাইন ফুটবলের প্রাচীনতম ‘ক্লাসিকো’। গত রোববার সেই ম্যাচেই রোজারিও সেন্ট্রালের হয়ে জাদুকরী এক ফ্রি কিকে জয় এনে দিয়েছেন আনহেল ডি মারিয়া।

শৈশবের ক্লাবে গত মে মাসে ফেরার পর ডি মারিয়া যেন ঠিকই বুঝে গিয়েছিলেন—নিজেকে নতুন করে চিনিয়ে দেওয়ার মঞ্চ এটি। সেই গোলের পর সংবাদ সম্মেলনে অবশ্য আরও এক ‘চমক’ দিলেন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই রোজারিওতে কোন বৈশ্বিক তারকাকে সতীর্থ হিসেবে দেখতে চান?

ডি মারিয়া তখন বললেন—নেইমার।

প্রথমে অবাক লাগতে পারে। আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে এত বছর খেললেন, সম্পর্কও অসাধারণ—তাহলে মেসি নয় কেন? উত্তরটা সহজ। নিওয়েল’সই মেসির শৈশবের ক্লাব। ক্যারিয়ারের শেষভাগে দেশে ফিরলে তিনি যাবেন সেখানেই। ডি মারিয়া সেটিই ভেবেছেন সম্ভবত। নেইমারকে চাওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন,
“কারণ নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা। আমি ওকে খুব ভালোবাসি। সম্পর্কটাও চমৎকার। এখনও যোগাযোগ হয়। জানি সে আর্জেন্টাইন ফুটবল পছন্দ করে। আর জানি, সে চাইত সেন্ট্রাল–নিওয়েল’স ম্যাচে থাকতে।”

নেইমারের পথও কিছুটা মিল রেখেছে ডি মারিয়ার সঙ্গে। ইউরোপ মাতানোর পর সৌদি আরব ঘুরে গত জানুয়ারিতে ফিরে গেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের জন্য জাতীয় দলে ডাক পাননি। তবে চোট পাওয়ার আগ পর্যন্ত সান্তোসের হয়ে টানা ৭ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন, এ মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ৬ গোল।

ডি মারিয়া নেইমারকে নিয়ে যে স্বপ্ন দেখেন, তা আসলে শৈশবের আবেগেরই বিস্তার। “সে আমার সঙ্গে খেললে দারুণ হতো। হয়তো পরে ওকে (রোজারিওতে) আসতে বলার সুযোগ পাব। সেটা হবে দারুণ ব্যাপার।”

তাঁদের সম্পর্কের পেছনে অবশ্য বড় ভূমিকা পিএসজির। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত প্যারিসে পাঁচ মৌসুম ছিলেন একসঙ্গে। দুজনে মিলে জিতেছেন ১১টি ঘরোয়া ট্রফি। মাঠে একসঙ্গে খেলেছেন ১১৬ ম্যাচ—যেখানে জয়ের সংখ্যা ৭৮, ড্র ১৭, হার মাত্র ২১। এই সময়ে নেইমার করেছেন ৭৮ গোল, করিয়েছেন ৩৬টি; ডি মারিয়া করেছেন ২৪ গোল, করিয়েছেন ৩৬টি।

সংখ্যাগুলোই বলছে—তাদের বোঝাপড়া কতটা ছিল। তাই ডি মারিয়া যখন বলেন, নেইমারকে তিনি রোজারিওতে চান, তখন সেটা শুধু বন্ধুত্বের টান নয়; মাঠের অভিজ্ঞতাও যেন সেই আকাঙ্ক্ষার পক্ষে সাফাই গায়।

এখন দেখার বিষয়, ডি মারিয়ার সেই স্বপ্ন কি কখনও বাস্তবের আলো দেখবে? রোজারিওর আকাশে নেইমারকে দেখা যাবে কি না, সেটা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ