খেলা ডেস্ক
মুক্তিপণ দিতে না পারায় খুন হয়েছেন সেনেগালের ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার শেখ তোরে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় ফুটবল একাডেমি ‘এস্প্রি ফুট ইয়েমবেল’-এর গোলরক্ষক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন শেখ তোরে। সম্প্রতি একটি প্রতারক চক্র বিদেশি ক্লাবে ট্রায়ালের প্রলোভন দেখিয়ে তাকে পার্শ্ববর্তী দেশ ঘানায় নিয়ে যায়।
সেখানে নিয়ে গিয়ে প্রতারকরা তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় তোরেকে নির্মমভাবে হত্যা করা হয়।
ঘটনার পর সেনেগাল ও ঘানার আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। শেখ তোরের মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।
সেনেগালের ক্রীড়া মহলে এ হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ এই প্রতিভাবান গোলরক্ষকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি তুলেছেন।








