খেলা ডেস্ক
ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই আর্জেন্টিনা সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ সালের বিশ্বকাপে? এতদিন এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি বিশ্বফুটবলের এই মহাতারকা। তবে এবার নিজ মুখেই জানালেন নিজের পরিকল্পনা।
মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে শর্ত একটাই—তিনি যদি সম্পূর্ণ ফিট থাকেন।
বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করে মেসি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি খেলি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
তবে ফিটনেস নিয়েই চিন্তিত আর্জেন্টাইন অধিনায়ক। তিনি আরও বলেন, “আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমি দারুণ উৎসাহী। বিশ্বকাপ আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো।”
বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট হয়েছেন। আপাতত তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোয়। আগামী ২ নভেম্বর প্লে-অফের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মায়ামি, আর জয় পেলেই নিশ্চিত হবে তাদের সেমিফাইনাল।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন রেকর্ড ১১৪টি। যদি তিনি ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেন, তবে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বফুটবলের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এমন রেকর্ডের মালিক হয়েছেন।
মেসির এই ঘোষণা নিঃসন্দেহে নতুন করে আশার আলো জ্বালিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের হৃদয়ে—তাদের প্রিয় ‘লিও’কে হয়তো আরেকবার দেখা যাবে বিশ্বমঞ্চে আলবিসেলেস্তে জার্সি গায়ে।








