রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় খেলোয়াড়ের মরদেহ উদ্ধার

খেলা ডেস্ক

ভারতে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের (৩৫) মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোহিণীর ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বোন রোশনি কালাম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না।

রোশনি জানান, রোহিণী একটি বেসরকারি মার্শাল আর্ট স্কুলে কোচিং করাতেন এবং সাম্প্রতিক সময়ে চাকরি ও পেশাগত চাপ নিয়ে মানসিকভাবে অস্থির ছিলেন। ঘটনার দিন সকালেও তিনি ফোনে কারও সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে দরজা না খোলায় সন্দেহ হলে রোশনি ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রোহিণী কালাম ২০০৭ সালে তার খেলোয়াড়ি জীবন শুরু করেন। ২০১৫ সালে পেশাদার জুজুৎসু খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করেন তিনি। সম্প্রতি চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেন। এছাড়া বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে ভারতের একমাত্র অংশগ্রহণকারী অ্যাথলেট ছিলেন রোহিণী।

তার অর্জনের মধ্যে রয়েছে এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয়। খেলাধুলার পাশাপাশি তিনি নবীন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতেন এবং ভারতের মার্শাল আর্ট মহলে সুপরিচিত ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ