শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে সন্তুষ্ট স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

(রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার)

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম সফলভাবে শুরু হওয়ায় সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

আজ শুক্রবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এই প্রশংসা করেন। ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছি, কিন্তু এমন দক্ষতা, আন্তরিকতা ও সিদ্ধান্তমূলক মনোভাব খুব কমই দেখেছি। স্পেসএক্স পরিবারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “আপনাদের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা আগ্রহী এবং আশাবাদী যে বাংলাদেশে আমাদের কার্যক্রম একটি উদাহরণ হয়ে উঠবে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, “এখন বর্ষাকাল—চারপাশে সবুজে ঘেরা, অথচ একই সঙ্গে বন্যা ও জলাবদ্ধতা আমাদের বাস্তবতা। এ সময়ে নিরবিচারে সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি জানান, দেশের পার্বত্য অঞ্চলে এখনও ইন্টারনেট সংযোগের ঘাটতি রয়েছে এবং এসব জায়গায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান উপদেষ্টা জানান, ইতোমধ্যে ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যমে শিক্ষা পেতে পারে। এছাড়া, গর্ভাবস্থায় নারীরা যাতে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তারে কাজ চলছে।

তিনি বলেন, “বিদেশে থাকা অনেক বাংলাদেশি ভাষাগত সমস্যার কারণে বিদেশি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা বোধ করেন। এখন তারা নিজ দেশের চিকিৎসকদের সঙ্গেই অনলাইনে পরামর্শ নিতে পারবেন।”

অধ্যাপক ইউনূসের এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন লরেন ড্রেয়ার। তিনি বলেন, “আপনার মতো কেউ যদি নিজ দেশে এ রকম কার্যকর উদ্যোগ নিতে পারেন, তবে অন্যান্য দেশেও এমন উদ্যোগ সম্ভব। আপনার দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম সত্যিই অনুকরণীয়।”

তিনি দুর্নীতির বিরুদ্ধে ইউনূসের অবস্থানেরও প্রশংসা করে বলেন, “আমি বহু দেশ ভ্রমণ করেছি এবং জানি, দুর্নীতি কত বড় প্রতিবন্ধকতা হতে পারে। কিন্তু আপনি যেভাবে প্রযুক্তির মাধ্যমে জনসেবার বিকেন্দ্রীকরণ ও সুশাসনের রূপরেখা তুলে ধরেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ