নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, নদীতে দেখা দিয়েছে ভাঙন। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে—যা চলতি মৌসুমে দেশের মধ্যে ২৪ ঘণ্টার সর্বোচ্চ বৃষ্টিপাত।
জেলার আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটানা ভারি বর্ষণের ফলে শহরের রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা এলাকা ও আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
বর্ষণের প্রভাব পড়েছে নদীতেও। ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে মঙ্গলবার সকালে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এর আগেও এ এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। এবারও একই কারণেই দোকান দুটি ভেঙে পড়ে বলে ধারণা করছেন তারা।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো তা বিপদসীমার নিচে রয়েছে। তবে নদীর পাড়ের ভাঙন তাদের উদ্বেগ বাড়িয়েছে।
জলাবদ্ধতা ও নদীভাঙনের এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও অব্যাহত নজরদারি ও সতর্কতা জারি রাখা হয়েছে বলে জানা গেছে।
সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে এবং নদীপাড় রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।








