শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে ৭ দিন পর হাতির শাবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে সাত দিন পর এক হাতির শাবকের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ সাত দিন ধরে মা হাতিটি মৃত শাবকের পাশে অবস্থান করে পাহারা দিচ্ছিল।

রোববার (২৭ অক্টোবর) সকালে বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদ থেকে শাবকটির মরদেহ উদ্ধার করে মাটিচাপা দেয় বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর রহমান।

আরও পড়ুন: 

https://potheprantore.com/bangladesh/chittagong/rangamati/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0/

তিনি বলেন, “মা হাতিটি কিছুটা দূরে সরে যাওয়ায় সকালে শাবকটির মরদেহ হ্রদের পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে নিয়ম অনুযায়ী মাটিচাপা দেওয়া হয়েছে।”

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, “হাতি শাবকটির মরদেহ উদ্ধার করে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে লিটনের টিলা এলাকায় সেটি মাটিচাপা দেওয়া হয়। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে মা হাতি ও হাতির পাল ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সরে গেছে।

গত সোমবার রাতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন লিটনের টিলা এলাকায় হাতির শাবকটি পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ডুবে মারা যায় বলে ধারণা বন বিভাগের।

এরপর থেকে মৃত শাবকটি উদ্ধারের জন্য বন বিভাগ একাধিকবার চেষ্টা চালায়, তবে মা হাতিটি পাশে দাঁড়িয়ে থাকায় উদ্ধার সম্ভব হয়নি। মানুষের উপস্থিতি টের পেলেই মা হাতি তেড়ে আসত। অবশেষে রোববার সকালে মা হাতি দূরে সরে গেলে বনকর্মীরা শাবকটির মরদেহ উদ্ধার করে দাফন করতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ