ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসি ভবনে টানা অবস্থান কর্মসূচি চলছে। ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকরা প্রধান ফটক ও বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ায় আজও সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’- স্লোগান দিয়ে যাচ্ছে। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন।
মঙ্গলবার (৩ জুন) গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে আজও বন্ধ আছে নগর ভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
এদিকে, আন্দোলনকারীদের খোঁজ নিতে বিকেল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের।
অন্যদিকে, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।








