রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত এই তালিকায় দলটির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম নেই।
যদিও প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। পরবর্তী সময়ে প্রয়োজনে এই তালিকায় সংশোধনী আসতে পারে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা পর্যালোচনায় দেখা যায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম নেই।
আরও পড়ুন:
তালিকায় আরও অনুপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও তালিকায় নেই। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি।

বিএনপির আলোচিত মুখ ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাকেও এবার প্রার্থী তালিকায় রাখা হয়নি।
ঢাকা-১০ আসন থেকে পূর্ববর্তী নির্বাচনে অংশ নিয়েছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবি—দুজনেরই নাম এবার তালিকা থেকে বাদ পড়েছে।
এছাড়া মাগুরার একটি আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালানো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকেও বাদ দিয়েছে দলটি।
অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলীয় সূত্রে জানা যায়, এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
এই সিদ্ধান্তের অংশ হিসেবেই স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদকেও বাদ দেওয়া হয়েছে।
তবে কিছু আসনে, যেখানে বিএনপির সিনিয়র নেতারা মৃত্যুবরণ করেছেন, সেখানে তাদের সন্তান বা স্ত্রীদের মনোনয়ন দিয়েছে দলটি—দলীয় ঐতিহ্য ও সমর্থনভিত্তি ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।








