খেলা ডেস্ক
কখনো মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ কনফারেন্স সেমিফাইনালে ওঠেনি ইন্টার মায়ামি। এবার সুযোগ এসেছিল লিওনেল মেসির দলটির সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ মুহূর্তে মেসির গোল সান্ত্বনা হয়ে থেকেছে, নাশভিলের কাছে ২–১ গোলের পরাজয়ে মাঠ ছেড়েছে মায়ামি।
তবে এখনও কনফারেন্স সেমিফাইনালে খেলার সুযোগ রয়ে গেছে মায়ামির সামনে। আগামী ৮ নভেম্বর আবারও মুখোমুখি হবে মায়ামি ও নাশভিল। সে ম্যাচের জয়ী দল পরবর্তী ধাপে উঠবে।
নাশভিলের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ। বিরতির আগেই লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিক থেকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান জশ বাউয়ের।
আরও পড়ুন:
ম্যাচের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান লিওনেল মেসি। তবে তাতেও হার এড়াতে পারেনি দলটি। ২–১ গোলের হারে মাঠ ছাড়তে হয় মেসিদের।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন, “পেনাল্টিটা আমাদের একটা ধাক্কা দিয়েছে, কারণ তখন পর্যন্ত আমরা ভালো খেলছিলাম। আমার মনে হয় সিদ্ধান্তটা বিতর্কিত। রেফারিং নিয়ে কথা বলা আমার পছন্দ নয়, কিন্তু এখন বলতে হচ্ছে—পেনাল্টির সিদ্ধান্তটি ভিএআরে না যাওয়াটা অদ্ভুত লেগেছে।”








